রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও কিশোরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড এবং একটি করাত কাটা চাকু।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছিনতাইকারী হাসনাইন হাসানও রয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে। তার ছিনতাই চক্রে দুই কিশোর ও এক নারী সদস্যও রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, চক্রটির সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে আসা রোগীদের স্বজনদের অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নিত। এ ছাড়া নারীদের অসতর্কতার সুযোগ নিয়ে তাদের ব্যাগ থেকেও চুরি করত তারা।
জ/উ