দক্ষিণী সিনেমা থেকে বলিউড-সবখানেই নিজের অবস্থান শক্ত করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয়, ভাষা কিংবা উচ্চারণ নিয়ে বারবার সমালোচনার মুখে পড়লেও দমে যাননি তিনি। বরং নিজের মতো করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন এই অভিনেত্রী। এবার স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জনপ্রিয় টক শোতে হাজির হয়ে সমালোচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন রাশমিকা।
সিনেমায় যাত্রা শুরুর পর থেকেই নানা কারণে সমালোচনার শিকার হয়েছেন রাশমিকা। ভক্তদের কাছে তিনি ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে কটাক্ষও কম নয়। বিশেষ করে হিন্দি উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান থাকায় বারবার প্রশ্নের মুখে পড়েছেন তিনি। তবে এসব সমালোচনাকে নিজের এগিয়ে যাওয়ার পথে বাধা হিসেবে দেখতে নারাজ অভিনেত্রী।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হন রাশমিকা। সেখানে নিজের ক্যারিয়ার ও সমালোচনা প্রসঙ্গে তিনি জানান, শুরু থেকেই কখনো অভিনয়, কখনো ভাষা, আবার কখনো উচ্চারণ নিয়ে তাঁকে কথা শুনতে হয়েছে। তবে এসব কারণে নিজের জন্য কোনো সীমারেখা টানতে চাননি তিনি।
রাশমিকা জানান, কোনো একটি চলচ্চিত্রশিল্প কিংবা নির্দিষ্ট একটি ভাষার সিনেমার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চাননি। বরং বিভিন্ন ভাষা ও চলচ্চিত্রশিল্পে কাজ করার স্বপ্ন দেখেছেন তিনি। সেই লক্ষ্যেই নানা ধরনের চরিত্রে অভিনয় করে যাচ্ছেন।
অভিনেত্রীর মতে, ‘অ্যানিম্যাল’ ও ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো সম্পূর্ণ ভিন্ন ঘরানার সিনেমায় কাজ করতে পারা তাঁর কাছে বড় তৃপ্তির বিষয়। একজন অভিনেত্রী হিসেবে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে তুলে ধরতে চান তিনি। নিজের কাজের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে বলেও মনে করেন রাশমিকা।
হিন্দি উচ্চারণ নিয়ে সমালোচনার জবাবেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, তিনি দক্ষিণ ভারতের মানুষ। তাই তাঁর কথায় দক্ষিণ ভারতীয় টান থাকাটা অস্বাভাবিক নয়। বরং তাঁর উচ্চারণে আঞ্চলিক প্রভাব থাকবে না-এমনটা আশা করাই অযৌক্তিক।
এদিকে, গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডা অভিনীত সিনেমা ‘রানাবালি’। তবে মুক্তির পর বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না ছবিটি।
পর্দায় সাফল্য-ব্যর্থতার হিসাবের বাইরে নিজের অভিনয়ের পরিধি বাড়ানো এবং বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করতেই এখন বেশি মনোযোগী রাশমিকা।
জ/উ