দীর্ঘ ক্যারিয়ারে নানা উত্থান-পতন ও ব্যক্তিগত জীবনের প্রতিকূলতা পেরিয়ে অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে অভিনয়কে আর প্রধান পেশা হিসেবে দেখছেন না তিনি। বরং এটিকে নিজের ‘দ্বিতীয় পছন্দ’ হিসেবে বেছে নিয়েছেন। গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করাই এখন তাঁর মূল ব্যস্ততা।
মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা প্রভা অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। তবে এখন অভিনয় নিয়ে তাড়াহুড়ো করতে চান না এই অভিনেত্রী। পছন্দসই গল্প, ব্যতিক্রমী চরিত্র এবং উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক পেলেই কেবল ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।
বড় পর্দায় কাজের বিষয়ে প্রভা জানিয়েছেন, বর্তমানে তিনি দুটি সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন। এর একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমা দুটির গল্প ও চরিত্র ভালো লাগায় তিনি কাজ করতে সম্মত হয়েছেন। চলতি বছরের মধ্যেই ছবি দুটির বাকি অংশের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে ওটিটি ও ছোট পর্দায়ও তাঁর সাম্প্রতিক কিছু কাজ দর্শকদের নজর কেড়েছে। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘লুক আ লাইক’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন প্রভা। এ ছাড়া আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নাটক এবং এনটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘পরের মেয়ে’তেও অভিনয় করছেন তিনি।
ক্যারিয়ারের শীর্ষ সময়ে ব্যক্তিগত জীবনে বড় ধরনের প্রতিকূলতার মুখোমুখি হন প্রভা। ২০১০ সালের আগস্টে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ফাঁসের ঘটনার পর ২০১১ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর তীব্র মানসিক ও সামাজিক চাপের মুখে পড়ে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী। পরবর্তী সময়ে ২০১২ সালে ব্যবসায়ী মাহমুদ শান্তকে বিয়ে করেন প্রভা। তবে সেই সংসারও ২০১৪ সালে ভেঙে যায়।
এত প্রতিকূলতা ও বারবার অনলাইন বুলিংয়ের শিকার হয়েও হাল ছাড়েননি প্রভা। সব বাধা পেরিয়ে ‘সিকান্দার বক্স’সহ বিভিন্ন একক ও ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও নিজের অবস্থান শক্ত করেন তিনি।
একসময় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি-ভিডিওর মন্তব্য এড়িয়ে চললেও এখন অনেকটাই স্বচ্ছন্দ প্রভা। সাইবার বুলিং ও অপপ্রচারের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি বর্তমানে নিজের জীবন ও কাজের অভিজ্ঞতা আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরছেন এই অভিনেত্রী।
অভিনয়কে দ্বিতীয় পছন্দ হিসেবে রাখলেও পছন্দের গল্প ও চরিত্র পেলে যে তিনি পর্দায় ফিরছেন, তাঁর সাম্প্রতিক কাজগুলোই তার প্রমাণ।
জ/উ