বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, ১৯৯৬ সালের মতো আওয়ামী লীগ ও জামায়াত মিলে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার দল দুটি এক হয়েছে। আওয়ামী লীগ ও জামায়াত মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
রাশেদ খাঁন আরও বলেন, রাজশাহী সফরকালে প্রধানমন্ত্রীকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়ে এক যুবক ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার উৎসাহ পেয়েছেন বলে তিনি দাবি করেন।
এ সময় জামায়াতের আমিরের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমির সব সময় মিথ্যা কথা বলেন। দলটির নেতারা তাকে দরবেশ ভাবতে পারেন, কিন্তু তিনি একের পর এক রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, জামায়াতে যোগ দেওয়ার আগে জামায়াতের আমির জাসদ ছাত্রলীগ করতেন, সন্ত্রাস করেছেন এবং মিথ্যা কথা বলেছেন বলে তিনি অভিযোগ করেন। জামায়াতে যোগ দেওয়ার পর তিনি মিথ্যা বলা ছেড়ে দিয়েছেন কি না, সেই প্রশ্নও তোলেন রাশেদ খাঁন।
আওয়ামী লীগ ও জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
জ/উ