উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ‘পিচ্চি সানি’ গ্রেপ্তার

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-10-22T18:34:03+06:00
2026-10-22T18:34:03+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ‘পিচ্চি সানি’ গ্রেপ্তার
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৩৪ পিএম | ২২ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ও আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা সাকিব হাসান সানি ওরফে পিচ্চি সানিকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীর একাধিক থানায় তাঁর বিরুদ্ধে অন্তত সাতটি মামলার তথ্য রয়েছে।

গতকাল বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, রাতে বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা থেকে পিচ্চি সানিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও তাঁকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তার সানি ঢাকা মহানগর উত্তরের উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করেছিল র‌্যাব-১।

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় উত্তরার বিভিন্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলায় পিচ্চি সানির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সে সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের সংগঠিত করে লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের ওপর হামলায় তাঁকে অংশ নিতে দেখা গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরাজুড়ে বিস্তৃত কিশোর গ্যাং নেটওয়ার্কের আড়ালে পিচ্চি সানি সরকারবিরোধী নাশকতার পরিকল্পনায় যুক্ত বলে অভিযোগ রয়েছে। তিনি ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) নূর মোহাম্মদের অন্যতম সহযোগী বলেও জানা গেছে।

এ ছাড়া স্থানীয়ভাবে আলোচিত ‘দে লাড়া’ গ্রুপটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উত্তরার বিভিন্ন সেক্টর ছাড়াও উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গীর বিভিন্ন এলাকায় গ্রুপটির তৎপরতার কথা জানা গেছে।

বিশেষ করে উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেলপথসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে গ্রুপটির সম্পৃক্ততার বিষয়টি একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ৩০ আগস্ট চার সহযোগীসহ উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সানি। ওই সময় তাঁর কাছ থেকে নগদ ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথি অনুযায়ী, পিচ্চি সানির বিরুদ্ধে দক্ষিণখান থানায় চারটি, উত্তরা পূর্ব থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় দুটি মামলার তথ্য রয়েছে। ২০১৮ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে এসব মামলা করা হয়।

সর্বশেষ গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘কিশোর গ্যাং নেতা পিচ্চি সানিকে গতকাল রাতে উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উত্তরায় কিশোর গ্যাং দমনে আমরা সবসময় তৎপর রয়েছি।’

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত