২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি

জাতীয়

2026-10-22T17:37:07+06:00
2026-10-22T17:48:45+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক
কুমিল্লা প্রতিনিধি
⏲ ৫:৩৭ পিএম | ২২ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাকসাম রেলওয়ে জংশনে নিয়ে আসার পর এ লাইনে ট্রেন চলাচল শুরু হয়। এতে চট্টগ্রামের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. ওমর ফারুক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। এরপর রেললাইন মেরামতের কাজ সম্পন্ন করে দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগিগুলো লাকসাম রেলওয়ে জংশনে নিয়ে আসা হয়। পরে আপলাইনে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে গতকাল বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী ট্রেনটি কুমিল্লার নাঙ্গলকোটের নাওটি ও লাকসাম উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনসহ চারটি বগির চাকা লাইন থেকে ছিটকে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে আসা একটি রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। এ ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ট্রেন লাইনচ্যুত হওয়ার সঠিক কারণ অনুসন্ধানে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী আবু ইমতিয়াজ রাফি, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুদ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিযোগাযোগ প্রকৌশলী আশিকুর রহমান।

তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় যাঁদের দায় পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে রেলওয়ের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত