সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটির কারণে বিশ্বজুড়ে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) ওয়েবসাইটটি বন্ধ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে কাজ চলছে। ঝুঁকি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পর ওয়েবসাইটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
শুধু বাংলাদেশে নয়, ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও কোম্পানি সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করছে। গত বুধবার ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের একাধিক দেশের সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনেক ওয়েবসাইট বন্ধ করে দেয়।
অন্যদিকে, নিরাপত্তা ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসার পর লাখ লাখ সাইবার হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে একটি সাইবার নিরাপত্তা কোম্পানি।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকায় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তথ্য ও অনলাইন সেবা ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে।
জ/উ