বাকেরগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে গাছ কাটা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-22T18:42:07+06:00
2026-10-22T18:42:07+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বাকেরগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে গাছ কাটা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
⏲ ৬:৪২ পিএম | ২২ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দেউলি মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফারহা আলী আকবরের বিরুদ্ধে বসতঘরে অনধিকার প্রবেশ, বাগানের গাছপালা কেটে ফেলা, ঘরের দরজা-জানালা ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গতকাল বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মিজানুর রহমান। তাঁর দাবি, এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে একই দিন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর গারুড়িয়া ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ বিরোধের জেরে তাঁর জমিতে অনধিকার প্রবেশ, গাছপালা কেটে ফেলা, বসতবাড়িতে ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাঁর।

মিজানুর রহমানের অভিযোগ, গতকাল বুধবার বেলা ১১টার দিকে দেউলি মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফারহা আলী আকবরসহ কয়েকজন তাঁর বসতঘরের সামনে এসে হামলা ও ভাঙচুর চালান। এ সময় বাগানের গাছপালা কেটে ফেলা হয়, এতে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগে বলা হয়, ঘটনার প্রতিবাদ করায় মিজানুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেওয়া হলে তিনি ঘরের ভেতরে আশ্রয় নিতে বাধ্য হন বলে অভিযোগ করেন। পরে বসতঘরের দরজা-জানালাসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। এতে আরও আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।

আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁদের সামনেও হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গাছপালা কাটা ও ঘর ভাঙচুর মিলিয়ে মোট প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

মিজানুর রহমান জানান, ঘটনার সময় হামলায় আহত হওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় তিনি বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘দেউলি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত অধ্যক্ষ আবুল ফারহা আলী আকবরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত