ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদে আগামী ২৫ অক্টোবর একটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে আজ বুধবার (২১ অক্টোবর) থেকে ঢাকা-দাম্মাম রুটেও ফ্লাইট চালু হচ্ছে।
বিমানের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে।
তবে রিয়াদগামী পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে ঢাকা-দাম্মাম রুটে আগামী ২৬ অক্টোবর থেকে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে এসব ফ্লাইট ছেড়ে যাবে। এ রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
এ ছাড়া আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। ২৬ অক্টোবর থেকে এ রুটে প্রতিদিন দুটি ফ্লাইট চলবে।
অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ রুটে ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
জ/উ