ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিল বেনিন, দুই ম্যাচেই ৩৪ গোল

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-10-21T14:56:48+06:00
2026-10-21T14:56:48+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিল বেনিন, দুই ম্যাচেই ৩৪ গোল
স্পোর্টস ডেস্ক
⏲ ২:৫৬ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখাচ্ছে আফ্রিকার দেশ বেনিন। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। এর আগে প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে পরাজিত করেছিল বেনিনের তরুণ ফুটবলাররা।

দুই ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ৩৪ গোল করলেও এখন পর্যন্ত একবারও গোল হজম করেনি দলটি। টানা দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে ‘স্কুল চিটাহস’ নামে পরিচিত বেনিন।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) চীনের সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেনিন। দলটির গতি, সমন্বিত আক্রমণ ও ধারাবাহিক গোলের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে ভারতের রক্ষণভাগ। ম্যাচের শেষ পর্যন্ত আক্রমণের ধার বজায় রেখে ২৭ গোলের বিশাল জয় তুলে নেয় আফ্রিকার দলটি।

অনূর্ধ্ব-১৮ পর্যায়ের এই প্রতিযোগিতায় এমন বড় ব্যবধানের জয় ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। কাতারের বিপক্ষে সাত গোলের জয়ের পর ভারতের বিরুদ্ধে ২৭ গোল করে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বেনিন।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে চীন ‘টু’ দল কাতারকে ৬-০ গোলে হারিয়েছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৫-০ গোলের জয় পেয়েছিল স্বাগতিক চীনের এই দল। ফলে বেনিন ও চীন ‘টু’-উভয় দলের পয়েন্ট এখন ছয়।

তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে বেনিন। দুই ম্যাচে দলটির গোল ব্যবধান +৩৪। অন্যদিকে চীন ‘টু’-এর গোল ব্যবধান +২১। গ্রুপের বাকি দুই দল ভারত ও কাতার টানা দুই ম্যাচে হেরে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।

নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের শীর্ষ দুটি দল শেষ ষোলোতে খেলার সুযোগ পাবে। ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করা বেনিনের সামনে এখন লক্ষ্য গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা।

আজ বুধবার (২১ অক্টোবর) সুজৌতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চীন ‘টু’-এর মুখোমুখি হবে বেনিন। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ড্র করলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার সুযোগ রয়েছে দলটির। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে চীন ‘টু’-কে এই ম্যাচে জয় পেতে হবে। ফলে দুই দলের লড়াইয়ে শুধু গ্রুপের শীর্ষস্থানই নির্ধারিত হবে না, পরবর্তী পর্বে তাদের অবস্থানও স্পষ্ট হবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত