দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃত্ব ও নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বুধবার (২১ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো, যারা দুর্নীতি বন্ধের কথা বলছি, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।”
শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ নিয়ে মন্ত্রী বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করা সহ্য করা হবে না। একইভাবে কোনো প্রধান শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটে জড়িত থাকলেও তা গ্রহণযোগ্য হবে না।
উপস্থিত শিক্ষকদের উদ্দেশে মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সামলানো শিক্ষকদের জন্য কঠিন হয়ে উঠছে। দিন দিন এ চ্যালেঞ্জ আরও বাড়ছে। এ কারণে শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জ/উ