যুক্তরাষ্ট্রের ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-21T15:12:06+06:00
2026-10-21T15:12:06+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ আদালতের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৩:১২ পিএম | ২১ অক্টোবর, ২০২৬ | বুধবার
যুক্তরাষ্ট্রের ডিভি লটারির নিবন্ধন চালুর নির্দেশ আদালতের
যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির নিবন্ধন চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির এক ফেডারেল বিচারক। নির্ধারিত সময়ে গ্রিন কার্ড লটারির নিবন্ধন শুরু না হওয়ায় আদালত এ নির্দেশ দেন। এর ফলে সম্ভাব্য আবেদনকারীদের জন্য লটারিতে অংশ নেওয়ার সুযোগ পুনরায় চালুর পথ তৈরি হয়েছে।

আদালত আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি ঘোষণা এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিয়েছেন। গত ১৪ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা এ আদেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, নিবন্ধন কার্যক্রম ৩০ দিন চালু থাকতে পারে। তবে আবেদনের চূড়ান্ত সময়সূচি, যোগ্যতার শর্ত ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য সম্ভাব্য আবেদনকারীদের অপেক্ষা করতে বলা হয়েছে।

রেড ঈগল ল নামের একটি আইন প্রতিষ্ঠান এ মামলা করে। প্রতিষ্ঠানটির অভিযোগ, নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু না করে মার্কিন পররাষ্ট্র দপ্তর কার্যত কর্মসূচিটি আটকে রেখেছে। এতে আবেদনকারীদের পাশাপাশি লটারি-সংক্রান্ত আইনি সহায়তা দেওয়া প্রতিষ্ঠানটিরও আর্থিক ক্ষতি হয়েছে বলে আদালতে দাবি করা হয়।

মামলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পররাষ্ট্র দপ্তরকে জবাবদিহির আওতায় আনা হয়। সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আবেদন গ্রহণ শুরু করলে কর্মসূচির নিয়মের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বিচারক মনে করেন, শুধু সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে কংগ্রেস অনুমোদিত কর্মসূচি বন্ধ রাখা গ্রহণযোগ্য নয়। এ বিবেচনায় তিনি ডিভি লটারি চালুর নির্দেশ দেন।

ডিভি লটারি সাধারণভাবে গ্রিন কার্ড লটারি নামে পরিচিত। এ কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে তুলনামূলকভাবে কম অভিবাসী পাঠায়-এমন দেশগুলোর যোগ্য নাগরিকদের জন্য প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসী ভিসা দেওয়া হয়। নির্বাচিত হলে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে পারেন।

অন্যান্য অনেক কর্মভিত্তিক অভিবাসন প্রক্রিয়ার মতো এ লটারিতে অংশ নিতে সাধারণত যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব বা নিয়োগকর্তার পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয় না। তবে লটারিতে নির্বাচিত হলেই গ্রিন কার্ড নিশ্চিত হয় না। আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতা পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং অভিবাসন ও নিরাপত্তা যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

আবেদনের জন্য সাধারণত উচ্চমাধ্যমিক শিক্ষা বা সমমানের যোগ্যতা থাকতে হয়। বিকল্প হিসেবে নির্ধারিত শর্ত পূরণকারী পেশায় কাজের অভিজ্ঞতাও প্রয়োজন হতে পারে।

আদালতের নির্দেশে নিবন্ধন পুনরায় চালু হলে যোগ্য দেশগুলোর নাগরিকেরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করার নতুন সুযোগ পাবেন। তবে আবেদন জমা দেওয়ার আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা ও যোগ্যতার শর্ত যাচাই করা জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত