সৌদি আরবের দিকে ছোড়া পাঁচটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ড্রোনগুলোর মধ্যে একটি মদিনা অঞ্চলের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে জোটটি।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের দিকে ছোড়া চারটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।
অন্য একটি পোস্টে তিনি জানান, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ও মদিনা অঞ্চলে ড্রোনগুলো প্রতিহত করা হয়। পরে পৃথক আরেকটি পোস্টে পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে আসা আরও একটি ড্রোন প্রতিহত করার তথ্য জানান তিনি।
তবে এসব ড্রোন কারা ছুড়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি আল-মালিকি।
মদিনা ইসলাম ধর্মের অন্যতম পবিত্র শহর। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক এবং মসজিদে নববী এ শহরেই অবস্থিত। মক্কার পাশাপাশি মুসলমানদের কাছে মদিনার ধর্মীয় গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্র: ডন, আল আরাবিয়া
জ/উ