আসন্ন শারদীয় দুর্গাপূজায় এখন পর্যন্ত কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে এসআরবি ফোর্সেসের নেওয়া নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
এসআরবি মহাপরিচালক জানান, দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে প্রায় ৬ হাজার এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। সারাদেশের ৩২ হাজার ৯৫টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও জানান, আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবে এসআরবি ফোর্সেস। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং উৎসব নির্বিঘ্ন করতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
জ/উ