নেত্রকোণার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌর শহরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ফকির রূপসী বাংলা টিভির নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন আলিফ। তাঁর গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে আলিফ ফকিরের শ্বশুরবাড়ি। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে যান। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় দোকানি রবীন রাংসা জানান, আলিফ ফকির তাঁর দোকানে সিগারেট কিনতে এসেছিলেন। চলে যাওয়ার সময় নিজের মুঠোফোনটি দোকানে ফেলে যান তিনি। পরে ফোন নিতে আবার দোকানে ফিরে আসেন। এ সময় দুজন ব্যক্তি তাঁর পেছন দিয়ে যাচ্ছিলেন। আলিফ ফোন নিয়ে চলে যাওয়ার পরপরই গুলির শব্দ শুনতে পান রবীন। আতঙ্কিত হয়ে তিনি দোকানের ভেতরে চলে যান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান সাংবাদিক আলিফ ফকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
জ/উ