রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে নিজ কক্ষে এক চিকিৎসককে ধূমপান করতে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট চিকিৎসককে বরখাস্তের নির্দেশ দেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় কক্ষটির অপরিচ্ছন্ন পরিবেশও তার নজরে আসে। শিশুদের চিকিৎসাসেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
জ/শা