জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে রাজনৈতিকভাবে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি। এ বিষয়ে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দলের কার্যালয়ে পূজার আমন্ত্রণ ও শুভেচ্ছা বিনিময় শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘যার যার ধর্ম, সে নির্বিঘ্নে পালন করবে। যদিও পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। আমরা এমন একটি দিন চাই, যেদিন নিরাপত্তার কথা ভাবতে হবে না। যেহেতু আমরা নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিই, তার মানে আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কামুক্ত পরিবেশে সবাই ধর্মীয় উৎসব পালন করবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই। ধর্মীয় ও জাতীয় পরিচয়ের ভিত্তিতে এখানে কোনো ভেদাভেদ থাকবে না। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হলে সে বিষয়ে কথা বলবে এনসিপি।’
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো পরিস্থিতি তৈরির ক্ষেত্রে প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম তৎপর হয়ে ওঠে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়-এমন ব্যক্তিরা ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ।
একই অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা এ দেশেরই নাগরিক; তাঁরা আলাদা কেউ নন। সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।
জ/উ