সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৯টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করার পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত মৎস্য বিভাগ উপজেলার যমুনা নদীবেষ্টিত বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বেলকুচি উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশের প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে নদীতে মাছ আহরণ বন্ধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।
অভিযানকালে বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জ/বা