সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার ভুটানের থিম্পু সফরে যাওয়ার কথা রয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। তবে থিম্পুতে সরাসরি ফ্লাইটের সীমাবদ্ধতার কারণে যাত্রাপথে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দরে ট্রানজিট নিতে পারেন তিনি। এ পরিস্থিতিতে অল্প সময়ের জন্য ঢাকায় তাঁর অবস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো বিষয়টি নিশ্চিত করতে পারেনি। তবে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে সংস্থাটি।
জানা গেছে, এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য বাফুফের সাধারণ সম্পাদক শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নিলে এবং তিনি চাইলে, যাতে ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইনফান্তিনো ঢাকার বিমানবন্দরে ভিআইপি জোনে ট্রানজিটে অবস্থান করলে বাফুফে সভাপতি ও সহসভাপতিরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপ চলাকালে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাক্ষাৎ হয়েছিল। এবার তিনি ঢাকায় এলে তাবিথ আউয়াল আবারও তাঁর সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।
তবে ফিফা সভাপতির বাংলাদেশে যাত্রাবিরতির বিষয়টি এখনো নিশ্চিত নয়।
জ/শা