মহসিন কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের প্রয়াত মোহাম্মদ আলী খানের ছেলে। মঙ্গলবার বিকেলে তাঁর সমর্থকদের অংশগ্রহণে সান্দিকোনা খেলার মাঠ থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় মডেল বাজারে গিয়ে শোডাউনটি শেষ হয়।
পরে মডেল বাজারে আয়োজিত জনসভায় মাহবুবুর রহমান খান মহসিন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যেই তিনি এ শোডাউনের আয়োজন করেছেন।
২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে মহসিন দাবি করেন, ওই নির্বাচনে তিনি সাত হাজার ভোট পেয়েছিলেন। তাঁর অভিযোগ, তিন হাজারের বেশি ভোট পাওয়ার পরও তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়নি। এ ক্ষেত্রে তৎকালীন সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু উকিলের প্রভাবের বিষয়টি উল্লেখ করে মহসিন বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি নির্বাচনে বঞ্চিত হয়েছিলেন।
মহসিন আরও বলেন, ওই নির্বাচনের পর থেকে তিনি দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। দলীয় আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনে সান্দিকোনা ইউনিয়নের জনগণ তাঁকে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চেয়ারম্যান নির্বাচিত হলে সান্দিকোনা ইউনিয়নকে মাদকমুক্ত করা এবং একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাকে অগ্রাধিকার দেবেন বলে জানান মহসিন। পাশাপাশি ইউনিয়নের দীর্ঘদিনের বিরোধ, ঝগড়াঝাটি ও মামলা-সংঘাত নিরসনে উদ্যোগ নেওয়া এবং ইউনিয়নবাসীর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
জ/উ