টঙ্গী বিশ্ব ইজতেমা-২০২৭-এর নির্ধারিত সময় বিবেচনায় রেখে গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শুরা সদস্য ও কাকরাইল তাবলীগ মার্কাজ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুবায়ের স্বাক্ষরিত আবেদনটি সিইসির কাছে জমা দেওয়া হয়েছে।
আবেদনে বলা হয়, বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্মেলন। ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করার ক্ষেত্রে বিশ্ব ইজতেমার ধর্মীয় গুরুত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিপুলসংখ্যক মানুষের সমাগমের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার নির্বাচন এবং বিশ্ব ইজতেমার মতো দুটি বড় আয়োজন একই সময়ে পরিচালনা করলে সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হতে পারে। দুই পর্বের ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে এমনভাবে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা প্রয়োজন, যাতে প্রশাসনিক জটিলতা এবং সাধারণ মানুষের ভোগান্তি না হয়।
আবেদনপত্রে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্বীনি কার্যক্রমে সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করা হয়েছে। বিশ্ব ইজতেমার মতো আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেও আশাবাদ জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ।
জ/উ