নির্বাচনী বিধি ভাঙার অভিযোগে বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-06T11:37:05+06:00
2026-10-06T11:37:05+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
নির্বাচনী বিধি ভাঙার অভিযোগে বিধায়ক হুমায়ুন কবীর গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:৩৭ এএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
নির্বাচনী আইন ও বিধি ভঙ্গের অভিযোগে পশ্চিমবঙ্গের ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (এজেইউপি)-এর বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ।

আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আসন দুটি হলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও মুর্শিদাবাদ জেলার রেজিনগর। এর মধ্যে রেজিনগর কেন্দ্রেই হুমায়ুন কবীরকে ঘিরে ঘটনাটি ঘটেছে।

নির্বাচন চলাকালে রেজিনগর বিধানসভা আসনের বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে নওদার বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে। ভোটগ্রহণ শুরুর পর থেকেই তিনি পুলিশকে হুমকি দিচ্ছিলেন বলেও অভিযোগ করা হয়।

এরপর রেজিনগরে এজেইউপির দলীয় কার্যালয় থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশের সঙ্গে হুমায়ুন কবীরের বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তাকে পুলিশের গাড়িতে করে রেজিনগর থানায় নেওয়া হয়।

হুমায়ুন কবীরের বিষয়ে জেলা পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় বলেন, ‘হুমায়ুন কবীর আইন ভেঙেছেন, তাই তাকে আটক করা হয়েছে। কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’ পরে তিনি হুমায়ুন কবীরকে গ্রেপ্তারের বিষয়টিও নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ (এজেইউপি)-এর চেয়ারম্যান হুমায়ুন কবীর মুর্শিদাবাদ জেলার নওদা ও রেজিনগর-দুটি আসন থেকেই জয়ী হন। পরে নওদা আসনটি নিজের কাছে রেখে রেজিনগর আসন ছেড়ে দেন।

অন্যদিকে ভবানীপুর ও নন্দীগ্রাম-দুটি আসনে জয়ী হওয়ার পর নিজের পুরোনো কেন্দ্র নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ফলে শূন্য হয়ে যাওয়া এই দুটি আসনেই মঙ্গলবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা পর্যন্ত রেজিনগরে ভোট পড়েছে ১৮ দশমিক ০৫ শতাংশ। অন্যদিকে নন্দীগ্রামে ভোট পড়েছে ২০ দশমিক ৮৯ শতাংশ।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত