জম্মু ও কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে অন্তত ১৫০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারত। গতকাল সোমবার (৫ অক্টোবর) আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতীয় বিমানবাহিনীর বিমানে করে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে নেওয়া হয়েছে। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
জানা গেছে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে অবৈধ অভিবাসী শনাক্তে পরিচালিত জরিপের পর প্রায় ৫০০ জনকে আটক করা হয়। তাদের শ্রীনগর শহরের উপকণ্ঠে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সেখান থেকে প্রাথমিকভাবে ১৫০ জনের একটি দলকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। পরে আগামী ৭ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
চলতি বছরের মে মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসংখ্যাগত পরিবর্তন পর্যালোচনায় একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে। ওই কমিটির প্রথম মাঠপর্যায়ের জম্মু ও কাশ্মীর সফরের দুই মাস পর আটক ও ফেরত পাঠানোর এই উদ্যোগ নেওয়া হলো।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন। তাদের মধ্যে অনেকেই ভাঙ্গারি সংগ্রহসহ বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকও রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, তাদেরও পর্যায়ক্রমে বহিষ্কার করা হবে।
কমিটির কাছে দেওয়া তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে বর্তমানে ৭ হাজার ৬৫৬ জন রোহিঙ্গা এবং ৫০৪ জন বাংলাদেশি অবস্থান করছেন। এসব ব্যক্তির বিরুদ্ধে মোট ১১৭টি মামলা রয়েছে বলেও কমিটিকে জানানো হয়েছে।
অনিয়ন্ত্রিত অভিবাসন ঠেকানো এবং এর ফলে ধর্মীয় জনসংখ্যার পরিবর্তন পর্যালোচনার লক্ষ্যে গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে আগামী এক বছরের মধ্যে তাদের সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জ/উ