‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ সালমানরে মন্তব্যের জবাব দিলেন নাছির

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-06T20:19:20+06:00
2026-10-06T20:19:20+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
রাজনীতি
‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ সালমানরে মন্তব্যের জবাব দিলেন নাছির
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:১৯ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
সম্প্রতি খালেদ মহিউদ্দিনের একটি টকশোতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’ মন্তব্যের সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেছেন, সালমান মুক্তাদিরের দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নাও থাকতে পারে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাছির উদ্দীন নাছির এসব কথা বলেন।

পোস্টে নাছির লিখেছেন, ‘জনাব সালমান মুক্তাদিরের একটি বক্তব্য আমার গোচরীভূত হয়েছে। তিনি বলেছেন, ছাত্রদলে কোনো ছাত্র নেই। তার এই মন্তব্য থেকে আমার মনে হয়েছে, দেশের ছাত্ররাজনীতির বর্তমান বাস্তবতা সম্পর্কে হয়তো তার পূর্ণাঙ্গ ধারণা নেই।’

তিনি আরও লিখেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে তরুণ প্রজন্মের একটি অংশের মধ্যে যে রাজনীতিবিমুখতা সৃষ্টি হয়েছিল, তার প্রভাব হয়তো এমন ধারণার জন্ম দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমানে দেশের দুই হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এসব প্রতিষ্ঠানে আমাদের নেতাকর্মীদের সিংহভাগই নিয়মিত শিক্ষার্থী।’

নাছির উদ্দীন নাছির বলেন, ‘বিগত সতেরো বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদলের নিয়মিত শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন। পরীক্ষার হল ও ক্লাসরুম থেকে ধরে নিয়ে অনেককে নির্যাতন করে কারাগারে পাঠানো হয়েছে। এমনকি কারাগারে বন্দী অবস্থায়ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষা ও রাজনৈতিক অধিকার-দুটিই ধরে রাখার জন্য তাদের এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাস অস্বীকার করার সুযোগ নেই।’

সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানেও ওয়াসিম আকরামসহ ছাত্রদলের অনেক নিয়মিত শিক্ষার্থী শহীদ হয়েছেন উল্লেখ করে নাছির বলেন, ‘তাদের আত্মত্যাগই প্রমাণ করে, দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটা গভীর ও বাস্তব।’

সালমান মুক্তাদিরকে ছাত্রদলের কার্যক্রম সরেজমিনে দেখার আহ্বান জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘তাই সালমান মুক্তাদিরের প্রতি আমার আন্তরিক আমন্ত্রণ-আপনি আপনার পছন্দমতো বাংলাদেশের যেকোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আসুন। আমাদের নিয়মিত শিক্ষার্থীরা আপনাকে স্বাগত জানাবে। তাদের সঙ্গে কথা বলুন, খোঁজ নিন, বাস্তবতা নিজ চোখে দেখুন। আশা করি তখন আপনার ভুল ধারণার অবসান হবে এবং আপনি উপলব্ধি করবেন-ছাত্রদলে নিয়মিত শিক্ষার্থীদের সংখ্যাই সিংহভাগ।’

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত