দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে সরকারি খরচে হজ পালনের বিষয়ে নীতিমালা প্রণয়ন এবং ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে কর্মরত চিকিৎসকদের দ্রুত বদলির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর কমিটির সদস্যদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ে উপস্থিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
পরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সামগ্রিক কার্যক্রম তুলে ধরা হয়।
বৈঠকে এসব সংস্থার ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এর বাস্তবায়নের অগ্রগতি, জনবল কাঠামো, বাজেট বরাদ্দ, ভিশন, মিশন, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি পূর্ণাঙ্গ পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়।
উপস্থাপিত বিষয়গুলোর ওপর কমিটির উপস্থিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন সেবার মান বাড়ানো এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন সংসদ সদস্যরা।
বিশেষভাবে দেশের মসজিদগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ জন্য মসজিদে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের পাশাপাশি রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।
এ ছাড়া সরকারি অনুদানে হজ পালনের বিষয়টি সুশৃঙ্খল করার লক্ষ্যে নীতিমালা প্রণয়নের ওপর জোর দেওয়া হয়। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত হাসপাতাল ও মিশনে একই স্থানে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা চিকিৎসা কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার বিষয়েও গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা।
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, মো. জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সূবর্না সিকদার এমপি, মো. নুরুল আমীন এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি এবং মুহাম্মাদ আব্দুল খালেক এমপি।
এ ছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
জ/উ