গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহুয়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে অন্তত ১২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার দুপুরে ঝড়-বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। অসুস্থদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টির সাথে তীব্র বজ্রপাত শুরু হয়। সে সময় বিদ্যালয় ভবনে স্বাভাবিক ভাবে শ্রেণি কার্যক্রম চলছিল। হঠাৎ নিচতলার কাছে বিকট শব্দে একটি বজ্রপাত ঘটলে আতঙ্কে নিচতলার বিভিন্ন শ্রেণির অন্তত ১২ জন ছাত্রী একযোগে অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পরপরই শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পরিষদ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন।
তারা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে অটোরিকশাযোগে পাশের নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছয়জন ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক সেবা শেষে স্বজনদের জিম্মায় বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরই বিকট শব্দে বজ্রপাত হয়। পরপরই বিদ্যালয়ের নিচতলা থেকে শিক্ষার্থীদের কান্নার শব্দ শুনে আমরা দৌড়ে যাই। সেখানে গিয়ে ১২ থেকে ১৪ জন ছাত্রীকে ঢলে পড়তে দেখে দ্রুত স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আ. মতিন জানান, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ছয়জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এদিকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. তানভীর জানান, এ ঘটনায় তাদের হাসপাতালে কোনো রোগী আসেনি, অসুস্থদের পার্শ্ববর্তী মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আরিফ সরকারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।