রাজধানীর খিলক্ষেত থেকে মো. হাবিবুল্লাহ নাঈম (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর অজ্ঞাত নম্বর থেকে ফোন করে নাঈমকে নিজেদের হেফাজতে রাখার দাবি করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। ফোনে শিশুটির কান্নার শব্দ শোনানোর পাশাপাশি তাকে শারীরিক নির্যাতন করে বাথরুমে আটকে রাখার কথাও বলা হয় বলে পরিবারের অভিযোগ।
গত বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে খিলক্ষেতের ১৭ নম্বর ওয়ার্ডের কুড়িটোলা স্কুল রোডের ভাড়া বাসা থেকে রাগ করে বের হওয়ার পর নাঈমের আর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার মা মোছা. শরীফা খাতুন খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নাঈমের চাচা গোলাম হুসাইন জানান, ওই দিন তার ছয় বছর বয়সী ছোট ভাই আদিলের সঙ্গে নাঈমের ঝগড়া হয়। এ ঘটনায় মা তাকে বকাঝকা করলে রাগ করে বাসা থেকে বেরিয়ে যায় সে। পরে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
পরিবারের পক্ষ থেকে থানায় জিডির পাশাপাশি শিশুটিকে উদ্ধারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ডিবি পুলিশের কাছে আবেদন করা হয়েছে। এসআরবিতে দেওয়া আবেদনে বলা হয়, শুক্রবার রাত আড়াইটার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে নাঈমের পরিবারের কাছে ফোন আসে। ফোনে বলা হয়, নাঈম তাদের হেফাজতে রয়েছে।
পরিবারের দাবি, ফোনের অপর প্রান্তে নাঈমের কান্নার শব্দ শোনা যায়। অজ্ঞাত ব্যক্তি শিশুটিকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথা জানান। পরে ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ রয়েছে বলে জানিয়ে ফোনটি কেটে দেওয়া হয়। এরপর ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, শিশুটির নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
জ/উ