রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া বাস টার্মিনালে পার্ক করে রাখা ‘নিউ ক্লাসিক্যাল’ নামে একটি লোকাল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন এবং দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত বলে জানা গেছে। রাতে টার্মিনালে বাসটি পার্ক করা অবস্থায় হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে বাসটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুনের সূত্রপাত নিয়েও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ কেউ দুষ্কৃতকারীদের আগুন দেওয়ার আশঙ্কা করছেন, আবার বাসের ভেতরে জ্বালানো মশার কয়েল থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন। তবে কোনো ধারণার পক্ষেই এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
জ/উ