অনলাইন পরিচয়, হানি ট্র্যাপ: অপরাধের নতুন কৌশল

খন্দকার হানিফ রাজা

অপরাধ

একটি ফ্রেন্ড রিকোয়েস্ট। কয়েক দিনের কথাবার্তা। এরপর দেখা করার আমন্ত্রণ। অপরিচিত একজনের সঙ্গে দেখা করতে গিয়ে কেউ হয়েছেন চাঁদাবাজির শিকার, কেউ অপহৃত, আবার কেউ ফিরেছেন লাশ হয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া ‘বিশ্বাস’ এখন কোথাও কোথাও অপরাধীদের সবচেয়ে কার্যকর অস্ত্র।

2026-09-15T19:09:55+06:00
2026-09-15T19:09:55+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে মৃত্যুফাঁদ
অনলাইন পরিচয়, হানি ট্র্যাপ: অপরাধের নতুন কৌশল
প্রথমে বন্ধুত্ব, ছবি-ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, মুক্তিপণ, নির্যাতন ও হত্যাকান্ড
খন্দকার হানিফ রাজা
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম 
প্রতীকী ছবি
একটি ফ্রেন্ড রিকোয়েস্ট। কয়েক দিনের কথাবার্তা। এরপর দেখা করার আমন্ত্রণ। অপরিচিত একজনের সঙ্গে দেখা করতে গিয়ে কেউ হয়েছেন চাঁদাবাজির শিকার, কেউ অপহৃত, আবার কেউ ফিরেছেন লাশ হয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া ‘বিশ্বাস’ এখন কোথাও কোথাও অপরাধীদের সবচেয়ে কার্যকর অস্ত্র।

সাম্প্রতিক কয়েকটি ঘটনায় পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে ভয়ংকর এই কৌশল। নারীর পরিচয় ব্যবহার করে পুরুষকে নির্দিষ্ট স্থানে ডেকে নেওয়া, আগে থেকে সেখানে সহযোগীদের অবস্থান করানো, আপত্তিকর ছবি বা ভিডিও ধারণ, এরপর টাকা আদায়-এভাবেই গড়ে উঠছে একের পর এক ‘হানি ট্র্যাপ’ চক্র। কোথাও অর্থ আদায়ের পর ভুক্তভোগীকে ছেড়ে দেওয়া হলেও কোনো কোনো ঘটনায় তা গড়াচ্ছে নির্যাতন ও হত্যায়।

গাড়ি ছিনতাইয়ের ফাঁদে চালক হত্যা: চলতি বছরের জুনে তুরাগে রাইড শেয়ারিং চালক লোকমান সরদার হত্যার ঘটনায় এমনই চিত্র সামনে আনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে বলা হয়, ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নারীকে ব্যবহার করে লোকমানকে ফাঁদে ফেলা হয়। পরে তাকে নির্জন স্থানে নিয়ে মারধর, মুক্তিপণ আদায় এবং শেষ পর্যন্ত হত্যা করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে আরও উঠে আসে, চক্রটির সদস্যরা কখনো স্বামী-স্ত্রী, কখনো ভাই-বোন কিংবা বন্ধুর পরিচয়ে বাসা ভাড়া নিত। বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপনের আড়ালেই তৈরি করা হতো অপরাধের নিরাপদ ঘাঁটি।

আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল: জুলাইয়ে ঢাকায় একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণ কর্মকর্তাকে হানি ট্র্যাপে ফেলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। অভিযোগ, তাকে একটি ফ্ল্যাটে ডেকে নিয়ে মারধর করা হয় এবং আপত্তিকর ভিডিও ধারণের পর তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি করা হয়। মিরপুরেও চলতি সেপ্টেম্বরে এক ট্রাভেল এজেন্সি মালিককে একই কৌশলে ফাঁদে ফেলে পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগে এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অনলাইন সম্পর্কের পর নির্জন ঠিকানা: এই চক্রগুলোর কৌশলে মিল স্পষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে পরিচয়, এরপর নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠতা। একপর্যায়ে নির্দিষ্ট বাসা, ফ্ল্যাট কিংবা নির্জন স্থানে দেখা করার প্রস্তাব। ভুক্তভোগী সেখানে পৌঁছানোর পরই বদলে যায় পরিস্থিতি। কখনো মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করা হয়। কখনো শুরু হয় মারধর। এরপর হুমকি-টাকা না দিলে পরিবারের সদস্য, স্বজন কিংবা কর্মস্থলে জানিয়ে দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে ব্যক্তিগত ছবি। ফেব্রুয়ারিতে ঢাকায় এমন একটি চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক তৈরি করে ভুক্তভোগীদের ডেকে নেওয়ার তথ্য পাওয়া যায়।

নরসিংদীতেও মে মাসে একই ধরনের চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, নারীদের ব্যবহার করে প্রেমের সম্পর্ক তৈরি করে পরে ভুক্তভোগীদের অপহরণ, নির্যাতন ও অর্থ আদায় করা হতো।

পরকীয়াতেও ‘বিশ্বাসের ফাঁদ’: শুধু অর্থের জন্য নয়, ঘনিষ্ঠ সম্পর্কের বিরোধও এখন হত্যার ঘটনায় রূপ নিচ্ছে। সেপ্টেম্বরে আশুলিয়ার জামগড়ায় পোশাককর্মী নাজমা ও তার স্বামী আলমগীর কবির হত্যার ঘটনায় পিবিআই পরকীয়া সম্পর্ককে বিরোধের অন্যতম কারণ হিসেবে সামনে আনে। তদন্তে বলা হয়, আলমগীর নিজেই অভিযুক্তদের বাড়িতে ডেকেছিলেন। পরে বিরোধের জেরে পরিস্থিতি হত্যাকাণ্ডে গড়ায়; অনাগত সন্তানসহ তিনজন নিহত হন।

অর্থাৎ অনলাইন পরিচয় থেকে শুরু করে প্রেম, পরকীয়া কিংবা ব্যক্তিগত সম্পর্ক-বিশ্বাসের জায়গাটিই হয়ে উঠছে অপরাধের নতুন প্রবেশদ্বার।

অপরাধের নতুন সমীকরণ: আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে পাওয়া এসব ঘটনায় অপরাধের কৌশল বদলে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। অস্ত্র কিংবা শক্তির বদলে এখন মানুষের আবেগ, কৌতূহল, ব্যক্তিগত গোপনীয়তা ও বিশ্বাসকে অস্ত্র বানাচ্ছে অপরাধীরা। একটি ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে শুরু হওয়া যোগাযোগ তাই সব সময় বন্ধুত্বে শেষ হচ্ছে না। কখনো তা পৌঁছে যাচ্ছে ব্ল্যাকমেইল, চাঁদাবাজি, অপহরণ-এমনকি হত্যার পর্যায়েও।

অপরিচিত অনলাইন পরিচয়, অচেনা ঠিকানায় একান্ত সাক্ষাৎ কিংবা ব্যক্তিগত ছবি-ভিডিও শেয়ার-একটি ভুল সিদ্ধান্তই যে মৃত্যুফাঁদ ডেকে আনতে পারে, সাম্প্রতিক ঘটনাগুলো তারই নির্মম সতর্কবার্তা।


জ/বা




  বিষয়:   অপরাধ  হানিট্র্যাপ 



Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]