কক্সবাজারের উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল আত্মসাতের অভিযোগে মোহাম্মদ হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না কোর্টবাজার এলাকার এমআর মোটরস গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, হাসান নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে একটি ভুয়া পরিচয়পত্র দেখিয়ে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং মোটরসাইকেলটি উদ্ধার করে।
এ ঘটনায় শুক্রবার উখিয়া থানায় মামলা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে গ্রেপ্তার হাসানকে আদালতে পাঠানো হয়।
উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার বলেন, সরকারি কর্মচারীর পরিচয় ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জ/উ