অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা থাকা স্টিলথ প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমানের স্পর্শকাতর যন্ত্রাংশের একটি চালান চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে পৌঁছেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার সংবাদমাধ্যম পলিটিকো এ তথ্য জানিয়েছে।
চালানটিতে এফ-৩৫ যুদ্ধবিমানের একটি ক্যানোপি বা স্বচ্ছ ছাদ ছিল। এটি যুদ্ধবিমানটির স্টিলথ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। মধ্যস্থতাকারী একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাঠানোর সময় চালানটি গন্তব্যের পরিবর্তে হংকংয়ে চলে যায়।
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নিখোঁজ যন্ত্রাংশগুলো কোথায় বা কার কাছে রয়েছে, তা নিশ্চিত নয়। তবে এগুলো চীনের হাতে পৌঁছে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় গত জুনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কংগ্রেসের যৌথ তদন্ত শুরু হয়, যা এখনো চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিখোঁজ যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।
এফ-৩৫-এর ক্যানোপি সাধারণ স্বচ্ছ ছাদ নয়; ককপিটের ওপর থাকা গম্বুজাকৃতির এই আবরণে রাডার তরঙ্গ প্রতিহত করার বিশেষ স্বচ্ছ উপাদান ব্যবহার করা হয়। স্টিলথ সক্ষমতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সময়ের সঙ্গে ওই উপাদানের কার্যকারিতা কমে যেতে পারে বলে ক্যানোপি পরিবর্তনের প্রয়োজন হয়।
পলিটিকোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র নিজেদের ও মিত্রদের জন্য এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০টি এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করেছে।
জ/উ