যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প CNN, MS NOW ও সংবাদভিত্তিক ওয়েবসাইট পলিটিকোকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এসব সংবাদমাধ্যমকে তার প্রশাসন নিয়ে ‘ভুয়া খবর’ প্রকাশের অভিযোগ করেন।
ট্রাম্প বলেন, তার প্রশাসন ও যুক্তরাষ্ট্র নিয়ে এসব সংবাদমাধ্যম নিয়মিত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে। ভবিষ্যতে একই ধরনের সংবাদ প্রচার অব্যাহত থাকলে আরও সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করা হতে পারে বলেও জানান তিনি।
ট্রাম্পের দাবি, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে পলিটিকোকে সচল রাখতে মার্কিন সরকার প্রায় ৮ মিলিয়ন ডলারের সাবস্ক্রিপশন কিনেছিল। এ ঘটনাকে তিনি দুর্নীতি হিসেবে উল্লেখ করেন। তবে এ দাবির বিষয়ে পলিটিকোর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কথা জানা যায়নি।
ওভাল অফিসে এক সাংবাদিক সংবিধানের প্রথম সংশোধনীতে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তার প্রসঙ্গ তুলে নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প আবারও ওই সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ভুয়া খবর’ প্রচারের অভিযোগ করেন। তিনি বলেন, সংবাদমাধ্যমকে স্বাধীনতার পাশাপাশি সৎ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতাও করতে হবে। একই সঙ্গে সংবাদ পরিবেশনের মান উন্নত হলে এসব সংবাদমাধ্যমকে আবার হোয়াইট হাউসে ফিরতে দেখতে চান বলেও জানান তিনি।
ট্রাম্পের ঘোষণার পর CNN তাদের হোয়াইট হাউসের সাংবাদিকদের পক্ষে অবস্থান নেয়। প্রতিষ্ঠানটি জানায়, তাদের সাংবাদিকেরা নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে সংবাদ সংগ্রহ করছেন এবং সরকারি বাধা বা হস্তক্ষেপ ছাড়া এ কাজ করার অধিকার তাদের রয়েছে। CNN নিষেধাজ্ঞাকে সাংবিধানিক অধিকার নিয়ে প্রশ্ন হিসেবে দেখছে।
পরে গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) CNN, MS NOW ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেওয়া হয় এবং তাদের প্রেস ব্যাজ নিষ্ক্রিয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
জ/উ