চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা এবং শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাবের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির ভেতরের এমন কিছু অভিজ্ঞতা তুলে ধরে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির একাংশ ধরে নেয়, তিনি যেকোনো ধরনের দৃশ্যে সহজেই রাজি হয়ে যাবেন। এমনকি চিত্রনাট্যের প্রয়োজন না থাকলেও অতিরিক্ত চুম্বন বা সাহসী দৃশ্য যুক্ত করার প্রস্তাব পেয়ে তাকে বারবার সরাসরি ‘না’ বলতে হয়েছে।
অভিনেত্রীর ভাষ্য, শুরুতে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয়ের পর অনেকের ধারণা হয়েছিল, তিনি সহজেই পোশাক খুলে অভিনয় করতে রাজি হবেন। এ ধরনের প্রস্তাবে তাকে স্পষ্টভাবে আপত্তি জানাতে হয়েছে।
সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের প্রসঙ্গও জানান রাধিকা। তার দাবি, একবার তাকে শার্টের বোতাম খুলে অ্যাকশন দৃশ্য করতে বলা হয়। পরে নির্মাতাদের পক্ষ থেকে শার্টের বদলে শুধু অন্তর্বাস পরে দৃশ্যটি করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
রাধিকা বলেন, এমন প্রস্তাবে তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন এবং এটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলোর একটি হিসেবে উল্লেখ করেন।
রাধিকার বক্তব্যে উঠে এসেছে, চরিত্রের প্রয়োজন অনুযায়ী সাহসী দৃশ্যে অভিনয় করা এবং অপ্রয়োজনীয়ভাবে নগ্নতা বা শরীর প্রদর্শনকে ব্যবহার করার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। নিজের কাজের ক্ষেত্রে এই সীমারেখা নিয়েই বরাবর স্পষ্ট অবস্থান ধরে রেখেছেন অভিনেত্রী।
জ/উ