কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-09-15T21:42:07+06:00
2026-09-15T21:42:07+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪২ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে একটি সেলুনে ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে আরশিনগর এলাকার রাজ সেলুনে এ ঘটনা ঘটে। ফরহাদ আরশিনগরের মেম্বার গলিতে পরিবার নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার নুরাবাদ গ্রামে।

স্থানীয়ভাবে জানা যায়, ঘটনার সময় রাজ সেলুনে চুল কাটাচ্ছিলেন ফরহাদ। হঠাৎ কয়েকজন সেখানে ঢুকে আতঙ্ক সৃষ্টি করতে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা চাপাতি দিয়ে ফরহাদকে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরহাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ৩টা ৭ মিনিটের দিকে তিনজন সেলুনে প্রবেশ করে। তাদের মধ্যে দুজনের মাথায় ক্যাপ ছিল। সেলুনে ঢোকার আগেই একজন প্যান্টের পকেট থেকে পিস্তল বের করে ভেতরে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। গুলির শব্দে সেলুনে থাকা অন্য ব্যক্তিরা দৌড়ে বাইরে বেরিয়ে আসেন।

এরপর অপর দুই ব্যক্তি কোমর থেকে ধারালো চাপাতি বের করে সেলুনে ঢোকেন। এ সময় লুঙ্গি পরা ও খালি গায়ে ফরহাদ সেলুনের বাইরে বের হয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু পেছন থেকে একজন তার লুঙ্গি টেনে ধরায় তিনি পালাতে পারেননি। পরে অন্যজন তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় ফরহাদকে ফেলে রেখে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।

ফরহাদের বন্ধু আরিফ ও চাচাতো ভাই আখতার হোসেন জানান, মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন ফরহাদ। সেখানে কিশোর গ্যাংয়ের সদস্য আরমান, সোহেল, কাল্লু, সাব্বিরসহ সাত-আটজন তার কাছে চাঁদা দাবি করেছিল। ব্যবসা করতে হলে এককালীন ৫০ হাজার টাকা এবং প্রতিদিন আলাদা টাকা দেওয়ার দাবি করা হয়। ফরহাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়।

তবে মোহাম্মদপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ফরহাদ নিজেও কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর সদস্য ছিলেন। মোহাম্মদপুরের বোটঘাট ও ময়ূরভিলা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য রয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ সূত্র জানিয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, ঘটনায় জড়িত দুই পক্ষই মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার। পূর্ববিরোধের জেরে তারা আরশিনগরে এসে এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]