রাজধানীর উত্তরা থেকে জামালপুর-২ (ইসলামপুর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর জেলা কমিটির সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ। তিনি জানান, জামালপুর জেলা আওয়ামী লীগের নেতা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র এমপি প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, শাহীনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা রয়েছে। অপহরণের ঘটনাটি উত্তরা ক্লাবের পাশে ঘটেছিল। ওই মামলায় তিনি চার্জশিটভুক্ত আসামি।
শাহীনুজ্জামান শাহীন তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে আগে থেকে জানতেন কি না-এমন প্রশ্নের জবাবে ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, শাহীন উত্তরায় ব্যবসা করতেন। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার বিরুদ্ধে মামলা রয়েছে-এ বিষয়টি তিনি নিজে জানতেন না।
জ/উ