চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ইউনাইটেডের গোলউৎসব

জবাবদিহি ডেস্ক

খেলাধুলা

2026-09-11T03:28:22+06:00
2026-09-11T03:28:22+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ইউনাইটেডের গোলউৎসব
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:২৮ এএম | ১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
তিন বছরের অপেক্ষার অবসানের পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই যেন পুরোনো মঞ্চের স্বাদটা নতুন করে পেল ম্যানচেস্টার ইউনাইটেড। আজারবাইজানের নবাগত সাবাহকে ওল্ড ট্র্যাফোর্ডে ৪-০ গোলে উড়িয়ে ইউরোপসেরার লড়াই শুরু করেছে ইংলিশ জায়ান্টরা।

বৃহস্পতিবার রাতে লিগ পর্বের প্রথম ম্যাচে ইউনাইটেডের হয়ে গোল করেন ম্যাথিউস কুনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, বেঞ্জামিন শেশকো ও লিসান্দ্রো মার্তিনেজ। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মাইকেল ক্যারিকের দল।

চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে প্রথমবার খেলতে নামা সাবাহ শুরুতে অবশ্য সহজে জায়গা দেয়নি। প্রথম ২০ মিনিট ইউনাইটেডকে আটকে রাখার পাশাপাশি সুযোগ পেলেই সামনে যাওয়ার চেষ্টা করেছে আজারবাইজানের ক্লাবটি। তবে ২৮ মিনিটে ভাঙে প্রতিরোধ। প্রথম গোল পাওয়ার পরই যেন খুলে যায় ইউনাইটেডের আক্রমণের দরজা।

বিরতির ঠিক আগে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে আরও দুই গোল। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলরক্ষককে পেরিয়ে বল জালে পাঠান শেশকো। ৩-০ ব্যবধানে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে বড় ব্যবধানে এগিয়ে থাকায় কিছুটা গতি কমিয়ে খেলতে থাকে ইউনাইটেড। তারপরও সাবাহকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি তারা। ৬৯ মিনিটে চতুর্থ গোলটি করেন লিসান্দ্রো মার্তিনেজ। ফ্রি-কিকের পর বক্সে তৈরি হওয়া জটলা থেকে কাছ থেকে বল জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার।

এরপর আর গোল না হলেও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ছিল ইউনাইটেডের হাতেই। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্যারিকের দল।

২০২৩-২৪ মৌসুমের পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে খেলছে ইউনাইটেড। এটি প্রতিযোগিতায় তাদের ২৬তম মৌসুম, যা ইংলিশ ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ। দীর্ঘ বিরতির পর ফেরার রাতটা তাই এর চেয়ে ভালো হওয়া কঠিন ছিল।


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত