মুক্তির এখনও প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে বড় মাইলফলক গড়েছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। উত্তর আমেরিকার বাজারেই এখন পর্যন্ত সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ৫০ মিলিয়ন ডলারের, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা।
বাজার বিশ্লেষকদের প্রতিবেদন অনুযায়ী, বিক্রি হওয়া টিকিটের ৭০ শতাংশের বেশি গেছে ‘ইনফিনিটি ভিশন’ বা প্রিমিয়াম লার্জ-ফরম্যাট স্ক্রিনের জন্য। উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার আকর্ষণেই দর্শকদের মধ্যে এসব প্রিমিয়াম ফরম্যাটের টিকিটের চাহিদা বেশি বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের বড়দিনের ছুটিকে ঘিরে বক্স অফিসে তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ফরাসি-কানাডিয়ান নির্মাতা দ্যনি ভিলনভের ‘ডুন: পার্ট থ্রি’। ধারণা করা হচ্ছে, আইম্যাক্স স্ক্রিনে ‘ডুন: পার্ট থ্রি’ একচ্ছত্র আধিপত্য ধরে রাখবে। অন্যদিকে, অন্যান্য বড় লার্জ-ফরম্যাট থিয়েটারের উল্লেখযোগ্য অংশ দখলে নেবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।
আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া সিনেমাটির মূল প্রেক্ষাপট সহজে বুঝতে দর্শকদের জন্য ১৫টি গুরুত্বপূর্ণ সিনেমা ও সিরিজের একটি বিশেষ তালিকা প্রকাশ করেছে ডিজনি প্লাস। পুরোনো গল্পের সঙ্গে নতুন কাহিনির যোগসূত্র ঝালিয়ে নিতে আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আবারও ফিরছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম: এনকোর’।
২০১৯ সালের মূল সিনেমাটির সঙ্গে নতুন কিছু অতিরিক্ত দৃশ্য যুক্ত করে বিশেষ এই সংস্করণটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দর্শকদের ‘ডুমসডে’র গল্পের সঙ্গে সংযোগ তৈরি আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলার প্রকাশের পরই সিনেমাটি রেকর্ড গড়েছে। এটি ডিজনির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলার এবং বৈশ্বিক বিচারে ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ট্রেলার হিসেবে জায়গা করে নিয়েছে।
আগামী ১৮ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।
জ/উ