নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ অর্থকে ‘ট্রাম্প লভ্যাংশ’ হিসেবে অভিহিত করেছেন।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রিপাবলিকান পার্টির প্রথম মধ্যবর্তী সম্মেলনে দেওয়া ভাষণে ট্রাম্প এই প্রস্তাব তুলে ধরেন। তবে নাগরিকদের কীভাবে এই অর্থ দেওয়া হবে এবং এর আইনি ভিত্তি কী হবে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি।
যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন। সে হিসাবে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে।
প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের ভাষণে ট্রাম্প তার প্রেসিডেন্ট মেয়াদের প্রথম দুই বছরকে ‘ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দুই বছর’ বলে দাবি করেন। একই সঙ্গে কমতে থাকা জনপ্রিয়তার মধ্যেও আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে নানা বক্তব্য দেন তিনি।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরান যুদ্ধ নিয়ে অসন্তুষ্ট ভোটারদের আকৃষ্ট করতে ট্রাম্পের এই প্রচারণামূলক ঘোষণা কতটা কার্যকর হবে, তা নিয়ে অবশ্য অনিশ্চয়তা রয়েছে।
ভাষণে ট্রাম্প সতর্ক করে বলেন, ডেমোক্র্যাটদের হাতে আমেরিকার ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হলে দেশকে আবার ঘুরে দাঁড়াতে পরবর্তী এক দশক সময় লেগে যাবে। সূত্র: মিডল ইস্ট আই
জ/শা