যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবে ইরানে অর্থনৈতিক চাপ বেড়েছে। এতে দেশটির অনেক মানুষের জন্য দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণ, এমনকি পরিবারের খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, চলমান যুদ্ধ ও এর পরিস্থিতির কারণে সমাজের অনেক মানুষকে পরিবারের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে অনেকের পক্ষে খাবারের ব্যবস্থা করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ইরানে বিরাজমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’-এমন পরিস্থিতির অবসানের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, তেহরানকে অবশ্যই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। তবে কীভাবে তার সরকার এ লক্ষ্য অর্জন করবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
এদিকে, ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ ক্রমাগত বাড়িয়ে চলেছে। এর অংশ হিসেবে ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করার পদক্ষেপও নেওয়া হয়েছে। এতে দেশটির তেল রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর নিজেদের কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে ইরান। গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল সীমিত থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। সূত্র: উইয়ন নিউজ
জ/উ