আওয়ামী লীগ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে দেশ ছেড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দাবি করেন, শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না এবং তাঁর মৃত্যু বাংলাদেশে হবে না।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরগুনায় এনসিপির জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন সারজিস আলম।
দিনব্যাপী কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। পরে বেলা ১টার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় বিএনপিকে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণ থেকে বিরত থাকার আহ্বান জানান এনসিপি নেতারা।
শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা পদ-পদবি বিবেচনায় নিয়ে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে বিএনপি একসময় অপরাধের অভয়ারণ্যে পরিণত হতে পারে। তাই অপরাধীর রাজনৈতিক পরিচয় কিংবা অবস্থান না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সম্প্রতি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রসঙ্গও তুলে ধরেন সারজিস আলম। তিনি বলেন, ওই ঘটনায় বিএনপির কোনো ভূমিকা না থাকলেও হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করে সারজিস আলম বলেন, সংকট কাটাতে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলেও জানান সারজিস আলম। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলটি পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার অভিযোগ করেন, সরকার জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, এতে বিলম্ব হলে বর্তমান সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না।
জ/উ