রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৬১টি মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪৩ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন এবং মতিঝিল বিভাগ ৬১ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১৪০ জন, গুলশান বিভাগ ৫৯ জন, উত্তরা বিভাগ ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা ও একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পুলিশ ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে। অভিযানে একটি পিকআপ, একটি প্রাইভেটকার ও পাঁচটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
অন্যদিকে, অভিযানের সময় ১৩টি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার টাকা, ইয়াবা সেবনের পাইপ, ফয়েল পেপারসহ বিভিন্ন সামগ্রী এবং দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জ/উ