দিনাজপুরের বিরল উপজেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের স্ত্রীকে (পুত্রবধূ) ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. আব্দুস সাত্তার (৬১) নামে তার শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) বিরল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে আসামি আব্দুস সাত্তারকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার ও ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, বিয়ের প্রায় এক মাস পর থেকেই তার শ্বশুর আব্দুস সাত্তার তার ওপর কু-নজর দেন এবং বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গৃহবধূ এসব প্রস্তাবে রাজি না হওয়ায় আনুমানিক চার মাস আগে একদিন শয়নকক্ষে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, হুমকির কারণে তিনি বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে আসামি আরও দুইবার তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই ২০২৬ ইং তারিখ রাতে খাবার শেষে গৃহবধূ তার স্বামীর ঘরে ঘুমাতে যান। রাত আনুমানিক ১১টার দিকে আব্দুস সাত্তার পুনরায় ওই শয়নকক্ষে প্রবেশ করে তাকে পেছন থেকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে শনিবার (৫ সেপ্টেম্বর) ভুক্তভোগী বিরল থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করেন। মামলা দায়েরের পর বিরল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আব্দুস সাত্তারকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আব্দুস সাত্তার (৬১) বিরল পৌর শহরের শংকরপুর ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত ফজলুর রহমান।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় বিরল থানায় মামলা নং-০৩, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬ ইং দায়ের করা হয়েছে।