এফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব চলার মধ্যেই বাংলাদেশ যুব ফুটবল দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার জায়গায় আগামী ৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশুকে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু।’
উজবেকিস্তানের তাসখন্দে চলতি এই টুর্নামেন্টে মাঠ ও মাঠের বাইরের নানা বিতর্ক এবং টানা দুই হারে চরম বিপর্যয়ে পড়ে লাল-সবুজ প্রতিনিধিরা। আয়োজক উজবেকিস্তানের কাছে ২-০ ব্যবধানে হারের পর সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারে বাংলাদেশ। জোড়া হারের ফলেই মূলত চীনের মূল পর্বের টিকিট পাওয়ার রেস থেকে ছিটকে পড়ে দলটি। সিরিয়ার বিপক্ষে পরাজয়ের পরপরই সকালে জোন্সকে টিম হোটেল থেকে সরিয়ে নেয় বাফুফে।
উল্লেখ্য, তাসখন্দ সফরের আগেই বেতন বকেয়ার অভিযোগে ফেসবুকে ভিডিও বার্তা প্রদান, ঢাকায় টিম হোটেলে সহকারী কোচ আতিকুরের সঙ্গে হাতাহাতি ও পুলিশ ডাকার ঘটনায় বিতর্ক তৈরি করেন জোন্স। তাসখন্দে পৌঁছেও সহকারী কোচকে ডাগআউটে রাখা নিয়ে অটল ছিলেন তিনি, যা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।