চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক নুর ইসলাম। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ।
কারাগার সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুর আড়াইটার দিকে কারাগারে থাকা অবস্থায় নুর ইসলাম বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিকেল ৩টার দিকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নুর ইসলামের আইনজীবী শাহাদাত হোসেনের দাবি, আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পরও তাকে অন্যায্যভাবে কারাগারে আটক রাখা হয়েছিল।
আইনজীবী জানান, গত ৩১ আগস্ট আদালত নুর ইসলামের জামিন মঞ্জুর করেন। ওইদিন বিকেলেই জামিনের লিখিত আদেশ কারাগারে পৌঁছে যায়। নিয়ম অনুযায়ী সেদিনই তার মুক্তি পাওয়ার কথা ছিল। তবে মিরসরাই থানা পুলিশ তাকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করায় তাকে মুক্তি দেওয়া হয়নি। ওই আবেদনের শুনানির জন্য আগামী ৬ সেপ্টেম্বর দিন ধার্য ছিল।
শাহাদাত হোসেন আরও বলেন, ‘নুর ইসলাম মারা যাওয়ার সময় তার বিরুদ্ধে কার্যকর কোনো আটকাদেশ বা মামলা ছিল না। জামিন পাওয়ার পরও আদালতের আদেশ ছাড়া তাকে বন্দি রাখা হয়েছিল, যা বর্তমানে নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তিনি অনেকটা মানসিক চাপে মৃত্যুবরণ করেন।’
রাজনীতির পাশাপাশি নুর ইসলাম স্থানীয় একটি হাসপাতালের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। গত ৩১ জুলাই সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
জ/উ