জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-02T21:45:38+06:00
2026-09-02T21:45:38+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
অবৈধ অস্ত্র উদ্ধারে সারাদেশে বিশেষ অভিযান
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৫ পিএম 
অবৈধ অস্ত্র উদ্ধারে সারাদেশে র‌্যাবের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তিনি জানান, ২০২৪ সালের আন্দোলনের সময় পুলিশসহ সরকারের বিভিন্ন বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের দায়িত্ব র‌্যাবকে দেওয়া হয়েছে। এ কাজে তথ্য দিয়ে সহযোগিতাকারীদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কার ঘোষণা করেছেন বলেও জানান তিনি।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৬ খুলনার সদর দপ্তরে সুন্দরবনের জলদস্যুদের আত্মসমর্পণ ও অস্ত্র উদ্ধার উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক।

অভিযানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কার ঘোষণা করেছেন।

অভিযানে তথ্য দিয়ে সহযোগিতার জন্য গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।

এদিকে র‌্যাব জানিয়েছে, গত সোমবার সুন্দরবনের পাঁচটি জলদস্যু বাহিনীর ৫২ জন সদস্য স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন। ওই দিন রাতে আরও সাতজন আত্মসমর্পণ করেন। সব মিলিয়ে আত্মসমর্পণকারী জলদস্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জনে।

আত্মসমর্পণকারীদের মধ্যে জলদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন, আফতাব বাহিনীর ৮ জন এবং মিজান বাহিনীর ৭ জন রয়েছেন।

আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে চারটি শটগান, ৪৭টি ওয়ান শুটারগান, চারটি পাইপগান, তিনটি এয়ারগান, একটি পয়েন্ট ২২ বোর রাইফেল, সাতটি ওয়াকিটকি, ৫৪১ রাউন্ড তাজা গুলি এবং ১৪টি খালি কার্তুজ উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব মহাপরিচালক বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের প্রায় ২৫ লাখ মানুষের জীবিকার প্রধান অবলম্বন সুন্দরবন। তবে আশির দশক থেকে সুন্দরবন ও সংলগ্ন উপকূলীয় এলাকায় জলদস্যুতা ও বনদস্যুতার একটি দীর্ঘ অধ্যায় তৈরি হয়েছিল। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে এবং বনে কাঠ, মধু ও গোলপাতা সংগ্রহসহ বিভিন্নভাবে সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষ এসব বাহিনীর অত্যাচার, জিম্মি ও অবৈধ চাঁদাবাজির শিকার হয়ে আসছিলেন।

তিনি বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে মেহনতি ও শ্রমজীবী মানুষের ওপর এ ধরনের অন্যায় ও ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক জানান, এ পর্যন্ত সুন্দরবনের ৩১৮ জন জলদস্যু আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে প্রায় ৩০ জন আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

তার ভাষ্য, সামাজিক চাপ, রাজনৈতিক কারণ, সচেতনতার অভাব, স্বাভাবিক জীবনে ফিরতে অনীহা এবং হয়রানির ভয়—এসব কারণে কেউ কেউ আবার অপরাধে জড়িয়ে পড়ছেন। তবে ৩১৮ জনের মধ্যে ৩০ জনের পুনরায় অপরাধে জড়ানোকে তিনি বড় কোনো বিষয় হিসেবে দেখছেন না।

মো. আহসান হাবীব পলাশ জানান, সুন্দরবনে এখনও চার-পাঁচটি জলদস্যু বাহিনী সক্রিয় রয়েছে। এসব বাহিনীর সদস্যদেরও অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা চলছে। আত্মসমর্পণকারীদের জন্য নেওয়া পুনর্বাসন প্যাকেজ দেখে অন্যরাও উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আগের তুলনায় আরও ভালো পুনর্বাসন ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে বলেও জানান র‌্যাব মহাপরিচালক। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনা চলছে।

পাশাপাশি আত্মসমর্পণকারীদের অহেতুক মামলা ও হয়রানির বিষয়টিও আলোচনায় এসেছে। এ প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক বলেন, সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ ছাড়া কাউকে আটক কিংবা মামলা দেওয়া উচিত নয়। ভবিষ্যতে আত্মসমর্পণকারীরা যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক করা হয়েছে।

সুন্দরবনের নিরাপত্তা জোরদারে সেখানে একটি র‌্যাব ব্যাটালিয়ন স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বর্তমানে সুন্দরবন এলাকায় কোস্টগার্ডের একটি ক্যাম্প রয়েছে। সুন্দরবনবাসী চাইলে সেখানে র‌্যাবের একটি ব্যাটালিয়ন স্থাপনের জন্য সরকারের কাছে আবেদন করতে পারেন বলেও জানান তিনি। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব মহাপরিচালক।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]