জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-09-02T16:10:39+06:00
2026-09-02T16:11:40+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
অজগর দেখে ভয়ে জ্ঞান হারালেন গৃহবধূ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১০ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ৪:১১ পিএম
সাতক্ষীরার শ্যামনগরে হাঁস-মুরগির খোপ খুলতে গিয়ে বিশাল আকৃতির অজগর দেখে ভয়ে সংজ্ঞা হারিয়েছেন এক গৃহিণী। বুধবার সকালে উপজেলার বুড়িগোয়ালিনী এলাকার কৃষক মুক্তার আলীর বাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করেছে বন বিভাগ। সাপটির ওজন প্রায় ২৮ কেজি।

মুক্তার আলী জানান, প্রতিদিনের মতো সকালে তাঁর স্ত্রী হাঁস-মুরগি বের করতে খোপের দরজা খুলতে যান। এ সময় প্রথমে একটি মৃত মুরগি দেখতে পান তিনি। পরে খোপের এক কোণে কুণ্ডলী পাকিয়ে থাকা বিশাল অজগরটি দেখতে পেয়ে ভয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করার সময় অজগরটি দেখতে পান। পরে স্থানীয় কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যদের খবর দেওয়া হয়।

খবর পেয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ইরফান হোসেনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ও সিপিজি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সেটিকে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া টহলফাঁড়ি সংলগ্ন সুন্দরবনে অবমুক্ত করা হয়।

মুক্তার আলী বলেন, বিশাল আকৃতির সাপ দেখে তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। আটকের আগে অজগরটি তাঁদের তিনটি হাঁস ও একটি মুরগি খেয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, আগের রাতে জোয়ারের পানির তোড়ে অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসতে পারে। পরে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ পার হয়ে চিংড়িঘেরের বেড়ি দিয়ে সেটি মুক্তার আলীর বাড়িতে ঢোকে বলে ধারণা করা হচ্ছে।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন বলেন, স্থানীয় সিপিজি সদস্যদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত অজগরটি উদ্ধার করা হয়। পরে সেটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বলেন, জোয়ারের তোড়ে অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লোকালয়ে কোনো বন্যপ্রাণী চলে এলে সেটিকে হত্যা বা আঘাত না করে বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন বন কর্মকর্তারা।

জ/রা




  বিষয়:   সাতক্ষীরা  অজগর সাপ উদ্ধার  সুন্দরবন 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]