চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সনাতন পদ্ধতির ড্রাম চিমনি ও ফিক্সড চিমনিতে পরিচালিত ১৭টি অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা সরেজমিনে এসব ইটভাটা পরিদর্শন করেন। পরে সংশ্লিষ্ট ভাটার মালিকদের হাতে বন্ধের নির্দেশসংক্রান্ত নোটিশ তুলে দেওয়া হয়।
আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। নোটিশে ইটভাটা কর্তৃপক্ষকে ভাটায় আগুন না দেওয়া এবং জ্বালানি হিসেবে কাঠ ও কৃষিজমির টপসয়েল ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান বলেন, প্রয়োজনীয় অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া কোনো ইটভাটা পরিচালনার সুযোগ নেই। বন্ধের নির্দেশ পাওয়া ইটভাটাগুলো সনাতন প্রযুক্তিতে পরিচালিত হয়ে আসছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এ কারণে এসব ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নোটিশ দেওয়ার পরও কেউ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, মামলা দায়ের, মালামাল জব্দ এবং ভাটা উচ্ছেদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জ/উ