বিরাট কোহলি ও আনুশকা শর্মার লন্ডনে বসবাস নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। কেন এই তারকা দম্পতি ভারত ছেড়ে যুক্তরাজ্যে থাকতে চেয়েছেন, তা নিয়েও বিভিন্ন সময়ে নানা জল্পনা হয়েছে। এবার মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক ড. শ্রীরাম নেনের একটি পুরোনো সাক্ষাৎকারের বক্তব্য ঘিরে বিষয়টি আবার আলোচনায় এসেছে।
এক পডকাস্টে ড. নেনে দাবি করেন, লন্ডনে বসবাসের বিষয়টি নিয়ে আনুশকার সঙ্গে তার কথাও হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত জীবনকে স্বাভাবিকভাবে উপভোগ করা এবং সন্তানদের তুলনামূলক সাধারণ পরিবেশে বড় করার ইচ্ছা থেকেই লন্ডনকে বেছে নেওয়ার কথা ভেবেছিলেন বিরাট-আনুশকা।
ড. নেনের মতে, ভারতে বিরাট ও আনুশকার মতো জনপ্রিয় তারকা দম্পতির জন্য ব্যক্তিগত পরিসর বজায় রাখা কঠিন। বাইরে বের হলে ভক্তদের ভিড়, ক্যামেরা ও ছবি তোলার আবদার প্রায় নিয়মিতই থাকে। এতে জনপ্রিয়তার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও চাপ তৈরি হয়।
নেনে দাবি করেন, আনুশকা তাকে জানিয়েছিলেন, অতিরিক্ত মানুষের ভিড় ও সার্বক্ষণিক নজরদারি লন্ডনে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। তুলনামূলক নিরিবিলি পরিবেশে ব্যক্তিগত পরিসর বজায় রেখে জীবনযাপন করাই তাদের প্রত্যাশা ছিল বলে ওই সাক্ষাৎকারে ইঙ্গিত দেন তিনি।
বিরাট ও আনুশকার দুই সন্তান রয়েছে। পরিবারের জন্য ব্যক্তিগত ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করাও তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে ড. নেনের বক্তব্যে উঠে আসে।
তবে বিরাট কোহলি ও আনুশকা শর্মা নিজেরা লন্ডনে স্থায়ীভাবে বসবাসের কারণ হিসেবে ড. নেনের বক্তব্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন—এমন তথ্য নেই। ফলে তাদের লন্ডনে বসবাসের পেছনে আসল কারণ কী, তা এখনো বিভিন্ন প্রতিবেদন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের ওপরই নির্ভর করছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জ/উ