আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে আর দেখা যাবে না-তার এমন সিদ্ধান্তে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আবেগ ও আক্ষেপ। ফুটবলপ্রেমীদের পাশাপাশি মেসির বিদায়ে মন খারাপ হয়েছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদেরও।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন নাদিয়া। তিনি লেখেন, ৩১ আগস্ট তারিখটি তার ও তার মায়ের জন্মদিনের কারণে এমনিতেই বিশেষ। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে আরও একটি কারণ-‘দ্য গ্রেটেস্ট’ লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মেসির বিদায়ের বিষয়টি মেনে নিলেও আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখতে না পাওয়ার আক্ষেপ রয়েছে নাদিয়ার কথায়। তিনি বলেন, এখন থেকে এই জার্সিতে মেসিকে আর দেখা যাবে না। তার মতে, এর মধ্য দিয়ে নিঃসন্দেহে একটি যুগের অবসান ঘটেছে। ভারাক্রান্ত মনে তারা মেসিকে মিস করবেন, তবে তার স্মৃতি চিরকাল মানুষের মনে বেঁচে থাকবে।
ফুটবল মাঠে মেসির অসংখ্য স্মরণীয় ও জাদুকরী মুহূর্তের কথাও স্মরণ করেছেন নাদিয়া। আর্জেন্টিনা সমর্থকদের বারবার গর্বিত করার জন্য মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ফুটবলে মেসির জাদুকরী মুহূর্তগুলোর জন্য তারা কৃতজ্ঞ। বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকরা তার অর্জন ও পারফরম্যান্সের জন্য সবসময় তার কাছে ঋণী থাকবেন।
বার্তার শেষাংশে মেসির উদ্দেশে নাদিয়া লেখেন, তার জাদু, অর্জন ও স্মৃতি চিরকাল তাদের হৃদয়ে থেকে যাবে।
জ/উ