বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আজ বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করতে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত থাকবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে সংসদীয় পর্যায়ের সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুই দেশের সংসদে ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা যেতে পারে।
ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান দীনেশ ত্রিবেদী।
দুই দেশের সংসদ কীভাবে আরও কার্যকরভাবে পরস্পরের সঙ্গে কাজ করতে পারে, বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়েও মতবিনিময় হয়েছে। এ ধরনের আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘আর এটাই গণতন্ত্র।’
এ সময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের রাজনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করেন ভারতের হাইকমিশনার। তিনি স্পিকারকে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করার পাশাপাশি ভালো ফুটবলার বলেও মন্তব্য করেন।
এর আগে স্পিকারের কার্যালয়ে হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও পুনর্বাসন, ক্রীড়া এবং সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয় স্থান পায়।
জ/উ